স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৯ লাখ ৮৫ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নড়াইল জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সরকারি বরাদ্দের অর্থ যেন কোনোভাবেই অপব্যবহার না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, “জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হয়।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়।

