আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একটি দল।
মঙ্গলবার (১৯ মে) রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান-এর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলটি।
এর আগে দলটি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায়ে ২৭টি দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়া ৮টি জেলার দলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ।
প্রতিযোগিতায় তাদের প্রকল্প ছিল “নবায়নযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত শহর / স্মার্ট হোম” শীর্ষক উদ্ভাবনী প্রকল্প, যার জন্য দলটিকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে এ অর্জনে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
অন্যদিকে কলেজের অধ্যক্ষ মহসীন রেজা তার ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি খুশীতে আত্মহারা। এই সাফল্য আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্য একটি মাইলফলক।”
তিনি শিক্ষার্থী ও শিক্ষক টিমকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।

