নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আসিকুর রহমান (২৭) এবং নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)। তবে তাদের দলীয় পদ-পদবি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের কয়েকজন সদস্য নওহাটা এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে এবং বুধবার (১৭ জুন) আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

