Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে কলেজ প্রভাষকের মরদেহ উদ্ধার 

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে এক কলেজ প্রভাষকের মরদেহ রেললাইনের পাশে উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাটি উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলা এলাকার মধ্যবর্তী রেললাইনের পাশে ঘটেছে।

নিহত নেয়ামুল বাশী (৫০) রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি একটি হজ কাফেলার মোয়াল্লেম হিসেবেও দায়িত্ব পালন করতেন। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশে রওনা হন। যাওয়ার সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি নওগাঁ পৌঁছে এশার নামাজ আদায়ের কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে স্থানীয়রা ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্ব পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি নেয়ামুল বাশীর বলে শনাক্ত করেন। স্বজনদের দাবি, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মরদেহটি রেললাইনের পাশে পাওয়া যাওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।”

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।