নওগাঁ প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের ঘটনার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় উপজেলার মাছ চত্বরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মাণাধীন রাম মূর্তি ভাঙচুরের হুমকি ও মূর্তির অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ দূর করে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রতন কুমার মণ্ডল, সদস্য সচিব সুমন কুমার সিং, উজ্জ্বল কুমার সরকার, শোভন কুমার সিং, তাপস কুমার হাজরা ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।

