ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বার মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত প্রায় ৫০ জাতের দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়েছে। মেলায় নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল, তাল, আনারসসহ নানা ধরনের ফলের আকর্ষণীয় প্রদর্শনী দর্শনার্থীদের নজর কাড়ে।
প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। বইয়ের পাতায় দেখা বিভিন্ন ফল একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “বর্তমান সময়ে পুষ্টির চাহিদা পূরণে ফলের কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে ফলের গাছ লাগানোর পাশাপাশি উৎপাদিত ফলের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ফল চাষে মানুষকে উদ্বুদ্ধ করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “এই মেলা স্থানীয় কৃষকদের নতুন জাতের ফল সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে এবং ফল চাষে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, “ফল চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। শুধু ফল উৎপাদন নয়, বছরব্যাপী ফল সংরক্ষণের কৌশলও কৃষকদের শেখানো হচ্ছে। আমাদের লক্ষ্য আত্রাইকে ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তোলা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
তিন দিনব্যাপী এ জাতীয় ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

