জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রায় এক মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। সেখানে সাইদুল ইসলামকে দেশলাই জ্বালিয়ে তান্নিতে (ইয়াবা সেবনের যন্ত্র) তাপ দিয়ে পাইপের মাধ্যমে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে আরেক ব্যক্তিকে তাকে সহযোগিতা করতেও দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিতদের মধ্যে একজন গোপনে দৃশ্য ধারণ করছেন এবং আরেকজনকে সিগারেট টানতে দেখা যায়।
এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপু বলেন, তিনি এখনো ভিডিওটি দেখেননি এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সমস্যার কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে পারছেন না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড কোনো নেতা-কর্মী করলে দল তার দায় নেবে না। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং উপজেলা সভাপতির সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

