নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামে ঝড়ে গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার পরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবারের ঝড়ে দেলোয়ার হোসেনের বাড়ির ওপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে আনুমানিক ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষতি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের আলোচনার পর মঙ্গলবার (১৬ জুন) রাতে স্থানীয়ভাবে ৫ হাজার টাকায় মীমাংসা হয়।
তবে মীমাংসার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত গাছের আশপাশে থাকা আরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি গাছ কাটার কাজ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী আফান আলী দাবি করেন, একটি গাছ পড়ে ক্ষতি হলেও অনুমতি ছাড়াই তার ১৬টি গাছ কেটে নেওয়া হয়েছে, এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় তিনি দেলোয়ার হোসেন, সমসের আলীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

