নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ও ১৬ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম এবং প্রভাষক আনোয়ার হোসেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে।
এতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. সাম্মি আক্তার শাপলা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়।”

