রুয়েট প্রতিনিধি
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং সংস্থা Quacquarelli Symonds (QS) ১৮ জুন (বৃহস্পতিবার) প্রকাশ করেছে QS World University Rankings ২০২৭। এবারের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের অন্যতম প্রধান প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার তালিকায় জায়গা করে নিতে পারেনি।
অন্যদিকে বাংলাদেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)—এবারের র্যাংকিংয়ে স্থান পেয়েছে।
QS World University Rankings ২০২৭ অনুযায়ী বাংলাদেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট দ্বিতীয় অবস্থানে থেকে বৈশ্বিক র্যাংকিংয়ে ৭১১–৭২০ ব্যান্ডে রয়েছে। আইইউটি, চুয়েট ও কুয়েট রয়েছে ১৪০১+ ব্যান্ডে।
এছাড়া তালিকায় আরও স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের মোট ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট ও আইইউটি স্থান পেলেও রুয়েট এবার তালিকা থেকে বাদ পড়েছে।
এর আগে QS World University Rankings ২০২৬-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই র্যাংকিংয়ে বুয়েট ছিল ৭৬১–৭৭০ ব্যান্ডে, আইইউটি ছিল ১২০১–১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ছিল ১৪০১+ ব্যান্ডে। দীর্ঘদিন আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান থাকা রুয়েট এবার সেই ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
QS র্যাংকিং নির্ধারণ করা হয় একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, আন্তর্জাতিকীকরণ এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে। এসব মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করেই এই তালিকা প্রকাশ করা হয়।
বিশ্বের অন্যতম প্রভাবশালী এই র্যাংকিংয়ে এবার ১০৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

