জয়পুরহাট প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, অসুস্থ মানুষের চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা খাবার সরবরাহে নয়-ছয় বরদাস্ত করা হবে না। প্রতিটি মানুষ যাতে সহজলভ্য, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের সেবার মান, চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো খোঁজ নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সচিব। সভায় তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কামরুজ্জামান চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল নিয়োগ এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা বাড়াতে আন্তরিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজী, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

